বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

যাত্রাবাড়ীতে এসআরবি-১০ এর মাদকবিরোধী অভিযান

সুমন শাহ্:

প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪৩ পিস ইয়াবা, ২২ পুরিয়া হেরোইন, একটি বিয়ার ক্যান ও মাদক বিক্রির নগদ ৩৩ লাখ ৮৬ হাজার ৭৩০ টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

এসআরবি সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৭২ হাজার ৯০০ টাকা আনুমানিক মূল্যের ২৪৩ পিস ইয়াবা এবং ৬ হাজার ৬০০ টাকা মূল্যের ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ সময় একটি বিয়ার ক্যানসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ হাসান (২৭), পিতা-মেছের আলী, সাং-দক্ষিণ শেখদি এবং মোঃ রোহান ইসলাম (২২), পিতা-মোঃ রিপন সিকদার, সাং শনির আখড়া, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা।

অভিযানকালে তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৩ লাখ ৮৬ হাজার ৭৩০ টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি-১০ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উদ্ধারকৃত মাদকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Share with friend