প্রকাশিত: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সার ও কীটনাশক বহনকারী একটি ভ্যান স্থানীয় জনতা আটক করেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভ্যানে করে দুই বস্তা ডিএপি সার, এক বস্তা টিএসপি সার (প্রায় ৩০ কেজি) এবং অন্যান্য সার/কীটনাশক নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের সন্দেহ হলে ভ্যানটি আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে ভ্যানে থাকা ব্যক্তিরা নিজেদের বাড়ি শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে বলে জানান। স্থানীয়দের অভিযোগ, এসব সার ও কীটনাশক পরিবহন ও বিক্রয়ের বিষয়ে প্রয়োজনীয় বৈধতা রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ সময় তাদের কাছে পণ্যগুলোর উৎস সম্পর্কে জানতে চাইলে তারা দাবি করেন, মোজাম্মেল মেম্বারের ছেলে আরিফুলের দোকান থেকে এসব সার ও কীটনাশক কেনা হয়েছে। তবে এ দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার পর মৌতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গাউছুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে। তিনি জনগণের কাছ থেকে উদ্ধার হওয়া পণ্যসহ ভ্যানটি ইউনিয়ন পরিষদে নিয়ে রেখে দেন।
ইউপি সদস্য গাউছুল আজম জানান, বিষয়টি নিয়ে আগামীকাল সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলছেন, সার ও কীটনাশকের বৈধ ক্রয়-বিক্রয়, পরিবহন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে কৃষি কর্মকর্তার তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি পরিষ্কার হবে।
এদিকে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বক্তব্য এবং জব্দ করা সার ও কীটনাশকের বৈধ কাগজপত্র যাচাই করা হলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।