প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা নজরুল সংগীত,ও একক অভিনয় অনুষ্ঠিত হয়, এর আগে ১৭ সেপ্টেম্বর কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম। নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক ও খ বিভাগে কবিতা আবৃতি, চিত্রকল, নজরুল সংগীত ও নৃত্য অনুষ্ঠিত হয়। বিজয়ীরা আগামীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।