শনিবার, ০৯ মে ২০২৬

“মা ও শিশু উৎসব” উপলক্ষে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি-তে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

এস,এম মহসিন উদ্দিনঃ

প্রকাশিত: শনিবার, ০৯ মে ২০২৬

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১লা মে থেকে ১৫ই মে পর্যন্ত পক্ষকালব্যাপী “মেডিকেল সেবা পক্ষ ২০২৬” উদযাপন করছে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি, রায়েরবাগ, ঢাকা। এ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ নানা স্বাস্থ্যসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় “মা ও শিশু উৎসব” উপলক্ষে ৮মে এক সচেতনতামূলক গাইনী ও শিশু বিষয়ক সেমিনার এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল হাসনাত মোঃ মোরতাজা। তিনি তাঁর বক্তব্যে বলেন, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ পরিবার গঠনে মাতৃস্বাস্থ্য ও শিশুর সঠিক পরিচর্যার বিকল্প নেই। তিনি আরো বলেন, ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি সবসময় মানবিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করে যাবে।

প্রতিষ্ঠানের পরিচালক ফাতেমা বেগম (স্বপ্না)-এর সভাপতিত্বে এবং হাসপাতাল ইনচার্জ আবু জাফর মোঃ সালেহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট গাইনী, প্রসূতি ও গাইনী অনকোলজি বিশেষজ্ঞ ডাক্তার সালমা পারভীন এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ইফফাত মারজানা (জেবিন)।


ডাক্তার সালমা পারভীন তাঁর বক্তব্যে নারীদের গর্ভকালীন যত্ন, নিরাপদ মাতৃত্ব, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সচেতনতার অভাবে অনেক নারী জটিল রোগে আক্রান্ত হন, যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সহজেই চিকিৎসা সম্ভব। অন্যদিকে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ইফফাত মারজানা (জেবিন) নবজাতক ও শিশুদের পুষ্টি, টিকাদান, পরিচ্ছন্নতা এবং মৌসুমি রোগ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারী, অভিভাবক, সুধীজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সেমিনারে অংশগ্রহণকারীরা মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তাদের পরামর্শ প্রদান করেন। এতে উপস্থিত সবার মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।


অনুষ্ঠানের শেষে মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

“মেডিকেল সেবা পক্ষ ২০২৬” উপলক্ষে আগামী দিনগুলোতেও ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ, বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ও বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনা করবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

Share with friend