বুধবার, ০৬ মে ২০২৬

কালিগঞ্জে শিমু রেজা এমপি কলেজে দুই এমপিকে সংবর্ধনা

শেখ মারুফ হোসেনঃ

প্রকাশিত: বুধবার, ০৬ মে ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে মৌতলা শিমু রেজা এমপি কলেজের উদ্যোগে সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।


ছাত্র-শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল ছিল জনসমাগমে মুখর। উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থাপনা করেন প্রভাষক অভিষেক কুমার ও সিনিয়র শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং শ্যামনগর উপজেলা বিএনপি নেতা সোলাইমান কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, বিএনপি নেতা আলমগীর হোসেন, জামায়াত নেতা মাস্টার নুরুল হকসহ অনেকে।

বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। একটি উন্নত সমাজ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও মানসম্মত করা জরুরি। কালিগঞ্জের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে চলমান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “আমাদের আগে নিজেকে সৎ ও চরিত্রবান হতে হবে। জনগণের প্রতিনিধি হিসেবে দল-মত নির্বিশেষে আমি সবার পাশে থাকবো।”


অন্যদিকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠান কে করেছে, সেটি বড় বিষয় নয়—উন্নয়নই মুখ্য। শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই।” তিনি মাদকবিরোধী কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং কলেজের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Share with friend