প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
সাতক্ষীরার বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক অ্যাডভোকেট এবিএম সেলিমকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক, আইনজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। ঘটনাটি সংশ্লিষ্ট মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
জানা যায়, গত ৮ এপ্রিল সাতক্ষীরা পৌর বিএনপির নেতা ইসমাইল হোসেন বাবুর ফেসবুক আইডি থেকে অ্যাডভোকেট এবিএম সেলিমের ছবি ব্যবহার করে তাকে ‘ফ্যাসিস্ট দোসর’ আখ্যা দিয়ে একটি মানহানিকর পোস্ট দেওয়া হয়। সংশ্লিষ্টরা এটিকে পরিকল্পিত অপপ্রচার হিসেবে উল্লেখ করে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন।
এদিকে, সূত্র জানায় ইসমাইল হোসেন বাবু পূর্বে সাতক্ষীরা নিউমার্কেট এলাকায় একটি মোটরসাইকেল চুরির ঘটনায় হাতে-নাতে আটক হন এবং এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিষয়টি স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকায়ও প্রকাশিত হয়। এমন একজন ব্যক্তির মাধ্যমে একজন সম্মানিত আইনজীবী ও সাংবাদিককে হেয় করার প্রচেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে অ্যাডভোকেট এবিএম সেলিম সাংবাদিকদের জানান, তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি সাবেক এপিপি (Assistant Public Prosecutor) ও নোটারি পাবলিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা বিএনপির নারী ও শিশু নির্যাতন সহায়তা কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য, জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এবং জেলা পরিষদের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একটি জাতীয় দৈনিক পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন।
অ্যাডভোকেট সেলিম অভিযোগ করে বলেন, পূর্বের একটি মামলার জেরে ইসমাইল হোসেন বাবু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সাতক্ষীরার সাংবাদিক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।