প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
“সন্ত্রাস-মাদক-দুর্নীতির বিরুদ্ধে লিখুন, হুমকি এলে পাশে আছি: মোহাম্মদ কামাল হোসেন এমপি"
“ঢাকা-৪ গড়তে সাংবাদিকরা হবেন আমার সহযোদ্ধা: সৈয়দ মোহাম্মাদ জয়নুল আবেদীন এমপি"
জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার উদ্যোগে রাজধানীর শনিরআখড়ায় বিজয় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) ১৯ রমজান শনিরআখড়া গ্রামীণ চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।
জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার সভাপতি মোঃ মহসিন উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোঃ বাপ্পী আহমেদ শ্রাবণ। পরে আগত অতিথিদের ফুল ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা সাহসের সঙ্গে লিখবেন। এ বিষয়ে কোনো ধরনের হুমকি-ধামকি এলে আমি আপনাদের পাশে থাকব।”
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মাদ জয়নুল আবেদীন তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। ঢাকা-৪ আসনকে উন্নত ও আদর্শ হিসেবে গড়ে তুলতে আপনারা আমার সহযোদ্ধা হিসেবে কাজ করবেন।” প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি তিনি বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন।
রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার উদ্যোগে বিজয় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত/ভিডিও
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন এবং নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মনজুর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মোঃ মেহেদী হাসান, অর্থ সচিব সানবির হোসেন, প্রচার ও প্রকাশনা সচিব এম এম হোসাইন, তথ্য ও প্রযুক্তি সচিব মোহাম্মদ নুরনবী সোহেল, ধর্ম বিষয়ক সচিব মোঃ শহিদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ রাসেল মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ শিহাব উদ্দিন রাজ, মহিলা বিষয়ক সম্পাদিকা মিস সুইটি আক্তার, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ আবুল খায়ের, মোঃ কামরুজ্জামান আকাশ, মোহাম্মদ রুবেল, মোঃ কামাল পারভেজ, মোঃ সুমন ও শ্যামলসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার সভাপতি মোঃ মহসিন উদ্দিন বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে সম্মানিত অতিথিদের হাতে বিজয় সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ধর্ম বিষয়ক সচিব মোঃ শহিদুল ইসলাম। মোনাজাত শেষে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।