বুধবার, ১২ নভেম্বর ২০২৫

তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনে আগুন

খবরটিভি ডেস্কঃ

প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর ২০২৫

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন বলেন, “রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।”

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।

বুধবার ভোরে গাজীপুরে আলাদা স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সাভারের আশুলিয়ায় আগুন দেওয়া হয়েছে আরেকটি বাসে।

মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা ছোড়া হয়। দুপুরে মিরপুরে সনি সিনেমার সামনে আগুন দেওয়া হয় শতাব্দী পরিবহন নামে একটি বাসে।

তার আগে কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পোড়ে পুলিশের একটি পিকআপ ভ্যান। আর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস।


দুটি ঘটনাই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে।

তার আগে সন্ধ্যায় রাজধানীর দোলাইরপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে সড়কে একটি বাস আগুনে পুড়েছে।

রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে আইনশৃঙ্খলা বাহিনীর তরফে বলা হয়েছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে সোমবার ঢাকার অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও তিন গাড়িতে আগুনের ঘটনা ঘটে।

এরপর সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঢাকার রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুনের খবর দেয় ফায়ার সার্ভিস।

এর মধ্যে মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে মারা গেছেন চালক।

Share with friend