রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ঢাকা রেঞ্জের উপমহাপরিচালকের, নবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন, ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহারে গুরুত্বারোপ

সুইটি আক্তারঃ

প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক (ডিডিজি) মো. আসাদুজ্জামান গনী, বিভিএম, পিভিএমএস।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকার বাগমারা সার্বজনীন দুর্গা মন্দির ও বর্ধনপাড়া বড় বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপমহাপরিচালক বলেন, দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সম্ভাব্য ঝুঁকি দ্রুত শনাক্ত করা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। পূজামণ্ডপে আগত দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় উৎসবে অংশ নিতে পারেন, সে জন্য দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনাও দেন তিনি।

তিনি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার এবং তাৎক্ষণিক তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। প্রযুক্তিনির্ভর নজরদারি, দ্রুত তথ্য আদান-প্রদান এবং পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক সাড়া প্রদানের মাধ্যমে দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা আরও কার্যকর করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন বিভিন্ন পূজামণ্ডপের উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকেরা। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলে সহযোগিতার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বকে তাঁরা ইতিবাচকভাবে তুলে ধরেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ আনসার ব্যাটালিয়ন (২১ বিএন)-এর পরিচালক মো. সাজেদুর রহমান, বিভিএম; আনসার-ভিডিপি ঢাকা জেলার জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, বিভিএমএস; নবাবগঞ্জ উপজেলা আনসার কর্মকর্তা মো. বাদল মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিরাপত্তা রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষেও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যদের দায়িত্বশীল উপস্থিতি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে রেখে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের সতর্ক দায়িত্ব পালন বিশেষ তাৎপর্য বহন করছে।

Share with friend