উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা যাচাই এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, প্রকল্প এমনভাবে নিতে হবে, যাতে সবচেয়ে বেশি মানুষ এর সুফল পান।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ জুনকো তাকাহাশির সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন জাইকার চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
উন্নয়ন প্রকল্পের পরিকল্পনায় সম্ভাব্যতা যাচাইয়ের গুরুত্ব বোঝাতে মেট্রোরেলের উদাহরণ দেন মন্ত্রী। তিনি বলেন, মেট্রোরেল টঙ্গী বা জয়দেবপুর পর্যন্ত সম্প্রসারণ করা গেলে আরও বেশি মানুষ এ সেবার সুফল পেতেন। হাওর অঞ্চলের উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রেও আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে ড. আবদুল মঈন খান বলেন, জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। দেশের উন্নয়নে জাপানের সহযোগিতার জন্য তিনি জাইকাকে ধন্যবাদ জানান। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে নতুন প্রকল্প গ্রহণ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
জাইকার পক্ষ থেকে জানানো হয়, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক উন্নয়ন ও হাওর অঞ্চলের উন্নয়নসহ বিভিন্ন খাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সংস্থাটির প্রকল্প চলমান রয়েছে। এসব ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন জাইকার প্রতিনিধিরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে বাস্তবায়নাধীন নগর উন্নয়ন ও সিটি গভর্ন্যান্স প্রকল্প এবং দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের অগ্রগতিও বৈঠকে তুলে ধরা হয়। প্রকল্প দুটি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেন মন্ত্রী। এ ছাড়া দেশের সব উপজেলায় বাস্তবায়নের পরিকল্পনাধীন উপজেলা গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে জাইকার সহযোগিতা চাওয়া হয়।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়েও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও সক্ষম করে তোলার বিকল্প নেই।
বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়াতে দাতা সংস্থার প্রতিনিধি ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন মন্ত্রী। উন্নয়ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা ও সংশ্লিষ্ট কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করবে এই কমিটি।
বৈঠকে জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ মরিকাওয়া ইয়োকো, লোকাল গভর্ন্যান্স উপদেষ্টা আকিরা মুনাকাতা, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।