প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
ভোজ্যতেলের দাম লিটারে চার টাকা বাড়ানো হয়েছে। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলে দেশের বাজারেও কমানো হবে।
আজ বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এখন যেহেতু মূল্য সমন্বয় হয়েছে। আমরা বাজারে নজরদারি আরও জোরদার করবো। স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ বিষয়ে কাজ করবে। কোনো ধরনের ব্যত্যয় আমরা সহ্য করবো না।’
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ কয় তারিখ? ২৯ তারিখ (এপ্রিল)। আপনি ২৯ তারিখটা মনে রাখেন, প্রাইস যখনই কমবে সেটার রিফ্লেকশন এখানে হবে। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন।’
তিনি বলেন, ‘আমি আবারও স্পষ্টভাবে বলছি, যদি উৎসে মূল্য কমে, এখানেও মূল্য কমাতে হবে।’
তেলের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে—এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘চাপ তো বটেই। আপনি মূল্যবৃদ্ধি করলে চাপ হবে না? বেশিরভাগ মানুষের আয় তো নির্ধারিত। আপনি যেটিই বৃদ্ধি করবেন সেটিই তো তার জন্য চাপ। তার ডিসপোজেবল ইনকামটা কমে যাবে না? কিন্তু আপনার বাধ্যবাধকতার বিষয় তো বুঝতে হবে।’
আরো পড়ুনঃ
রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে: প্রধানমন্ত্রী