প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুই দেশের প্রতিনিধিরা তিন ঘণ্টার মতো আলোচনা করেন। এরপর তারা আলোচনাস্থল থেকে বের হয়ে যান। পরবর্তীতে শোনা যায় দুই পক্ষ আবারও আলোচনায় বসবে।
স্থানীয় সময় সন্ধ্যায় হতে যাওয়া এ আলোচনাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, “আমাদের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ উত্থাপিত হয়েছে। ওই আলোচনা বেশ গুরুত্বপূর্ণ ছিল” তিন ঘণ্টার ওই আলোচনায় নতুন কিছু বিষয় উত্থাপিত হয়েছিল উল্লেখ করে তিনি জানিয়েছেন, সেগুলো নিয়ে প্রতিনিধিরা উচ্চপদস্থদের সঙ্গে পরামর্শ করছেন।
জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আবারও বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ইরানের এ মুখপাত্র অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনা নিয়ে বিপরীত বক্তব্য দিচ্ছেন। এরফলে আলোচনায় তারা কতটা গুরুত্ব দিচ্ছেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, দুই পক্ষ একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছার চেষ্টা করেছে। তবে তিন ঘণ্টার এ আলোচনায় চুক্তির কতটুকু অগ্রগতি হয়েছে সেটি নিশ্চিত নয়। এক্সিওস বলেছে, ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে এই আলোচনাই কূটনীতির শেষ সুযোগ হতে পারে। আজকের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে থাকা স্টিভ উইটকোফ ও জের্ড ক্রুসনার প্রেসিডেন্ট ট্রাম্পকে যে বার্তা দেবেন সেটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ তাদের বার্তার ওপর ভিত্তি করেই ট্রাম্প পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
গত মঙ্গলবার ট্রাম্প স্টেট অব ইউনিয়নের বক্তব্যে জানান, ইরানের সঙ্গে তারা কূটনৈতিক সমাধান চান। কিন্তু যদি ইরান তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে তিনি সামরিক ব্যবস্থা নেবেন।
সূত্র: আলজাজিরা, এক্সিওস