প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) হালনাগাদ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
মঙ্গলবার (১৮ আগস্ট) আইডিআরএর পরিচালক (লাইফ) ও উপসচিব দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আইডিআরএর এ নির্দেশনা দেশের সব লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি লাইফ বীমা কোম্পানির বর্তমান মুখ্য নির্বাহী কর্মকর্তাকে হালনাগাদ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। জীবনবৃত্তান্তের সঙ্গে তাঁর অর্জিত সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের কপি দাখিল করতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের ক্ষেত্রে আইডিআরএ থেকে দেওয়া অনুমোদনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে বলা হয়েছে।
আইডিআরের নির্দেশনা অনুযায়ী, এসব তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তিন কার্যদিবস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।
একই সঙ্গে দেশের লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের তথ্য আইডিআরের অনলাইন সিস্টেমে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য বিজ্ঞপ্তির সঙ্গে একটি গুগল ফরমের লিংক দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ওই ফরমে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।
আইডিআরের এ উদ্যোগের ফলে লাইফ বীমা খাতের মুখ্য নির্বাহীদের বর্তমান যোগ্যতা, নিয়োগসংক্রান্ত অনুমোদন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যের একটি হালনাগাদ ও সমন্বিত তথ্যভান্ডার তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার কাছে কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের তথ্য সংরক্ষণ ও যাচাই প্রক্রিয়াও আরও সুসংগঠিত হবে।