শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ বিকাল
তুরাগ নদী ও উত্তরা সংলগ্ন খাল জলাশয় পরিষ্কারে পরিচ্ছন্নতা কর্মসূচি
তুরাগ নদী ও বৃহত্তর উত্তরা সংলগ্ন খাল-জলাশয়ের দূষণ রোধ, পরিবেশ সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নদী পরিবেশ রক্ষা অধিকার সোসাইটি, ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টায় কামারপাড়া ব্রিজ এলাকায় বাংলাদেশ নদী পরিবেশ রক্ষা অধিকার সোসাইটি ঢাকা মহানগর উত্তর কমিটির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিবেশ রক্ষা অধিকার সোসাইটির চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি। কর্মসূচিতে তুরাগ নদী ও আশপাশের খাল-জলাশয়ের ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি নদী ও জলাশয় রক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে স্থানীয় বাসিন্দা, পরিবেশপ্রেমী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, তুরাগ নদী ও এর আশপাশের খাল-জলাশয় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বর্জ্য ও দূষণের কারণে পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। নদী ও জলাশয়ের দূষণ কমানো, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং এসব জলাধার রক্ষায় জনগণের দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রবিউল ইসলাম রবি বলেন, “নদী, খাল ও জলাশয় আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো রক্ষা করা শুধু কোনো ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। জনসচেতনতা ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমে আমরা নদী ও জলাশয়কে দূষণমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারি।” তিনি বলেন, নদী ও জলাশয় রক্ষায় শুধু একদিনের পরিচ্ছন্নতা কর্মসূচি যথেষ্ট নয়। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদে নদী ও জলাশয়ের পরিবেশ রক্ষা করা সম্ভব।
আয়োজকরা বলেন, “নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে আমাদের জীবন ও ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে।” তুরাগ নদী ও বৃহত্তর উত্তরা সংলগ্ন খাল-জলাশয়কে দূষণমুক্ত রাখতে স্থানীয় বাসিন্দাসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত