সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২ নম্বর মৌতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাজারের দীর্ঘদিনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২০ আগস্ট শুক্রবার দীর্ঘ ১৮ বছর পর পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে সাত সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় দীর্ঘদিনের পুরাতন কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বাজারের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নতুন কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে সাত সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।
সভায় জানানো হয়, আগামী এক মাসের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর নবনির্বাচিত কমিটির কাছে বাজার পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে।
দীর্ঘ ১৮ বছর পর কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগকে ঘিরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তারা আশা করছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়ে বাজারের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা আরও জোরদার হবে।