বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে তুরস্কে পৌঁছেছেন।
বুধবার (১ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানবাহিনী প্রধান ১ থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত তুরস্ক সফর করবেন। সফরের মূল উদ্দেশ্য হলো তুরস্কের সামরিক নেতৃত্ব ও বেসামরিক কর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা বিষয়ে আলোচনা এবং মতবিনিময়।
আইএসপিআর জানায়, সফরের সময় বিমানবাহিনী প্রধান Commander, Turkish Air Force, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং অন্যান্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি Turkish Aerospace Industries সহ তুরস্কের সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত ক্ষেত্রে সহযোগিতার সুযোগ বৃদ্ধি পাবে। বিমানবাহিনী প্রধান সফরের সমাপ্তির পর ৬ অক্টোবর দেশে ফিরে আসবেন।