রাজধানীর ধোলাইপাড় ও সায়েদাবাদ বাস টার্মিনাল কেন্দ্রিক এলাকায় গণপরিবহনে অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রতারণামূলক টিকিট বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওয়ারী বিভাগের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযান চলাকালে দেখা যায়, বেশ কয়েকটি গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন করা হয়নি এবং যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে মোট ১৪টি মামলা দায়ের করা হয়।
এবং গত ১ দিন আগে ‘গোল্ডেন লাইন’ পরিবহনের ম্যানেজার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার পরও অনিয়ম বন্ধ না করে একইভাবে অতিরিক্ত ভাড়া আদায় করতে থাকায় তাকে ২ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। বাকি ১৩টি মামলায় মোট ১৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত জানায়, যাত্রীদের সঙ্গে প্রতারণা এবং সরকারি নির্দেশনা অমান্য করার বিষয়ে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন।
অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল হটলাইনের নামে প্রতারণামূলক টিকিট বিক্রির চক্র উন্মোচন। এ সময় ৫টি অবৈধ টিকিট বিক্রির টেবিল এবং কয়েকশত টিকিট জব্দ করা হয়, যা দিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে যাত্রীরা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত মনিটরিং থাকলে অতিরিক্ত ভাড়া আদায় ও প্রতারণা অনেকাংশে কমে আসবে।